মানব সম্পদ
শিক্ষিত বেকারের পাহাড়ে উচ্চশিক্ষার অন্ধ দৌড়

মাহফুজুর রহমান মানিক
মাহফুজুর রহমান মানিক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৭:৪১ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ১১:১১
| প্রিন্ট সংস্করণ
রোববার সমকালে প্রকাশিত ‘যত বেশি শিক্ষিত তত বেশি বেকার’ শিরোনামের প্রতিবেদনে বিবিএসের ২০২৪ সালের শ্রমশক্তি জরিপের ফলই প্রতিধ্বনিত হয়েছে। দেখা যাচ্ছে, বেকারদের মধ্যে সর্বোচ্চ সাড়ে ১৩ শতাংশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শেষ করা বেকারদের হার ৭ শতাংশের একটু বেশি, যেখানে মাধ্যমিক পর্যায়ের পড়ালেখা করে বেকার প্রায় ২ শতাংশ। আর আনুষ্ঠানিক শিক্ষা নেই যাদের, তাদের হার সর্বনিম্ন ১.২৫ শতাংশ।
শিক্ষিতদের কর্মসংস্থানের সংকট ও বেকারত্বের সমস্যা অনেক বছর ধরেই আমরা দেখছি। দিন দিন সমস্যা আরও বাড়ছে। কারণ শিক্ষিতরা পড়াশোনা করে যেই হারে কর্মজীবনে প্রবেশ করছেন, সেই হারে কর্মসংস্থান বাড়ছে না। প্রতিবছর ২০ লাখ কর্মক্ষম যুবকের মধ্যে ৯ লাখ কাজের সুযোগ পান; তার মানে অর্ধেকের বেশিই বেকার। এদের মধ্যে শিক্ষিতরাই যে এগিয়ে, ওপরের পরিসংখ্যান তাই বলছে।

